স্বপ্নবিলাস

স্বপ্নবিলাস

#আশীষ কুণ্ডু 
সেই কবে থেকে আমি 
প্রত্যন্ত সুখবিলাসিতায়, 
লিখছি ছন্নছাড়া কবিতায়
স্কুলের ম্যাগাজিনের দেয়াল পাতায়
কলেজে জেকল্যাট পত্রিকায়
আধুনিক কবিতার প্রচেষ্টায়! 

কত যে ইচ্ছা ছিলো 
হতে ভোরের শিশির 
বি-এন- আর মাঠে চোদ্দ পাক 
ফুটবল আর সুরজিতের সোয়ার্ভ শট
বাইসাইকেল কিক শ্যাম থাপার
একটা উড়ন্ত হেড পাখির মতো!

কত যে স্বপ্ন ছিলো সঙ্গোপনে 
হব চিত্রকর,ফিদা হুসেন না হোক!
যত্নে কেনা তুলির রঙের স্বপ্নে
ভেবে সাদাপাতায় মুখের আদল আঁকা 
আলো ছায়া করে নিষ্পাপ খেলা 
এখনো অধরা চিত্র খুঁজি মনের সুতো গেঁথে

হতে চেয়েছিলাম বিশাল কারিগর
গড়বো শূন্যপথ চাঁদের আলোয় 
মহানগর এক পাতালের অন্দরে
কোনো নতুন বছরের প্রথম দিনে 
কোনো নতুন প্রয়োগ মায়াবাটিকার
এখনো অনেক পথ বাকি জীবনকে দেবার।।

Comments

Science

Popular Posts